নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
“বিপদমুক্ত নৌযাত্রা, জনমালের সুরক্ষা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৌপরিবহন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী “নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান আজ রাজধানীর রমনায় অবস্থিত ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় জনাব শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান, এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জনাব জাকারিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (BIWTC)-এর চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, নৌ-খাত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং সংস্কৃতিকর্মীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী, (এনডি), ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন।
সকাল ৯:৩০টায় অনুষ্ঠানের সূচনা হয় অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণের মাধ্যমে। পরবর্তীতে পবিত্র কোরআন তিলাওয়াত ও বাংলা তরজমা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জীবনরক্ষাকারী ও অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহারের ওপর একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি বলেন, দেশের নৌপথকে শতভাগ নিরাপদ ও যাত্রীবান্ধব করতে সরকার বদ্ধপরিকর। তিনি নৌযান চালনায় নিয়ম-নীতি অনুসরণ, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ এবং সকল নৌযানে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা, নিবন্ধন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান, এমপি বলেন, নিরাপদ নৌযাত্রা নিশ্চিতে নৌযান মালিক, চালক, শ্রমিক এবং যাত্রী—সকলের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নৌ-খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপত্তা বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জনাব জাকারিয়া বলেন, নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তিনি নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধি এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী, (এনডি), ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন বলেন, নিরাপদ নৌপথ নিশ্চিত করা কেবল সরকারের দায়িত্ব নয়, বরং নৌযান মালিক, শ্রমিক, যাত্রী এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত দায়িত্ব। তিনি জানান, সারাদেশে পরিচালিত নৌযান শুমারির মাধ্যমে বিপুল সংখ্যক অনিবন্ধিত নৌযান শনাক্ত হয়েছে এবং সেগুলোকে নিবন্ধনের আওতায় আনতে কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ডিজিটাল নাম্বার প্লেট, অনলাইন সার্ভিস প্রদান, লাইফ জ্যাকেট ব্যবহারে বাধ্যবাধকতা এবং এলটিএমএস (LTMS) সফটওয়্যার চালুর মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর নৌ-নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে নৌ-খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং অতিথিদের আপ্যায়নের মাধ্যমে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘটে।
নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, পরিদর্শন কার্যক্রম, আলোচনা সভা এবং নৌযান নিরাপত্তা বিষয়ক প্রচারণা পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
What's Your Reaction?