কালিহাতীতে পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুরুয়া এলাকায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টা, ফসল নষ্ট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সেলিম (৪৯) কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুরুয়া গ্রামের বাসিন্দা মোঃ সেলিমের পৈত্রিক ২১ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ অবস্থায় রয়েছে। জমিটি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে জোরপূর্বক ধান কেটে ফেলে এবং জমির মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর দাবি, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধর ও খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। পরে তারা ওই জমিতে ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করে জমি দখলের অপচেষ্টা চালায়। মোঃ সেলিম আরও জানান, অভিযুক্তরা প্রকাশ্যে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। ফলে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। জমি কেন্দ্রিক বিরোধের কারণে এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। অভিযোগে উল্লেখিত জমির অবস্থান কুরুয়া মৌজায়, এসএ খতিয়ান নং-৩২০, হাল খতিয়ান নং-১২৫৯, এসএ দাগ নং-৬২৬, হাল দাগ নং-১৩৫৫, মোট জমির পরিমাণ ২১ শতাংশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।
What's Your Reaction?