দেলদুয়ার ইউএনওর দূর্নীতি নিয়ে সংবাদ: ‘খবরের কাগজ’-এর প্রতিনিধির বিরুদ্ধে আইনি নোটিশ

Apr 19, 2026 - 15:52
 0  276
দেলদুয়ার ইউএনওর দূর্নীতি নিয়ে সংবাদ: ‘খবরের কাগজ’-এর প্রতিনিধির বিরুদ্ধে আইনি নোটিশ

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা ঝুঁথির দূর্নীতির বিষয়ে প্রকাশিত এক সংবাদের প্রতিবাদে খবরের কাগজের টাঙ্গাইল প্রতিনিধির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নীলফামারীর জজ কোর্টের আইনজীবী শাহ মো. ফারুক হোসেন (সোহাগ) স্বাক্ষরিত এ নোটিশে ‘খবরের কাগজ’ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি জুয়েল রানাকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে খবরের কাগজ অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে ইউএনওর বিরুদ্ধে “ভোটের অর্থ লোপাটসহ বিভিন্ন অনিয়ম” সংক্রান্ত যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে ইউএনওর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।

আইনি নোটিশে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদনের আগে ইউএনওর বক্তব্য গ্রহণ করা হয়নি এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

নোটিশে বিবাদীপক্ষকে ৩ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট সংবাদ সকল ডিজিটাল প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্থায়ীভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে একই সময়ের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও স্পষ্টীকরণ প্রকাশ করার দাবিও জানানো হয়েছে।

অন্যথায়, বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মানহানির ফৌজদারি মামলা, ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মামলা এবং আর্থিক ও পেশাগত ক্ষতির জন্য দেওয়ানি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিক জুয়েল রানা বলেন,আমি সংবাদ প্রকাশ করার আগে তার বক্তব্য নিয়েছি। এছাড়া আমার কাছে যথাযথ প্রমাণ রয়েছে।আইনি ভাবে আমি লড়ার জন্য প্রস্তুত রয়েছি। সত্য সংবাদ প্রকাশ করার জন্য যদি মামলা মুখোমুখি হতে হয় তার জন্য আমি সব সময় প্রস্তুত। 

জুয়েল রানা 
টাঙ্গাইল/১৯-০৪-২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow